জীবনী
জ্ঞান মানুষকে বিনয়ী করে, সমাজকে করে আলোকিত— এমনই এক দৃষ্টান্ত হয়ে মেহেরপুরের মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন প্রবীণ শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম ইসলাম আলী মাস্টার। তাঁর জীবন শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে আছে আজও। রাজনীতি কেন— এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় তাঁর কর্মময় জীবন থেকে। জীবনের শেষ সময় পর্যন্তও তিনি সমাজ, সংগঠন ও মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থেকেছেন। কোন সংগঠনের কী করণীয়, কী বর্জনীয়, সমাজের জন্য কী ভালো হতে পারে— এসব ভাবনাই ছিল তাঁর প্রতিদিনের চর্চা। মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি দৈনিক সংবাদপত্রের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নিষ্ঠা ও সততার সঙ্গে। শিক্ষাক্ষেত্রেও ছিল তাঁর উজ্জ্বল পদচারণা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন গভীর আন্তরিকতা ও দায়িত্ববোধ থেকে। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটসহ নানা সামাজিক সংগঠনের কার্যক্রমেও ছিল তাঁর সক্রিয় উপস্থিতি।
অন্যের প্রতি বিনয়, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা ছিল তাঁর চরিত্রের অন্যতম সৌন্দর্য। ছোটদের প্রতি স্নেহ আর মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে করেছে সবার প্রিয় মানুষ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ইসলাম আলী মাস্টার ছিলেন একজন বই প্রেমী মানুষ। সময় পেলেই বই পড়ায় ডুবে থাকতেন-এমন কথাও আজও মানুষের মুখে মুখে শোনা যায়। মেহেরপুরের শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবায় মরহুম ইসলাম আলী মাস্টারের অবদান প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতা আগামী দিনের মানুষকে পথ দেখাবে অনুপ্রেরণার আলো হয়ে।